ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুল চিকিৎসায় প্রাণ হারালো ৯ মাসের ফুটফুটে আসিফ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩৮, ২৯ আগস্ট ২০২৪
ভুল চিকিৎসায় প্রাণ হারালো ৯ মাসের ফুটফুটে আসিফ
ছবি: সংগৃহীত

নাটোর শহরের বন বেলঘড়িয়া বাইপাস মোড় এলাকায় এক ফার্মেসি দোকানদারের ভুল চিকিৎসায় নয় মাসের এক ফুটফুটে শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু আসিফ রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার দমদমা গ্রামের আসাদুলের ছেলে। অভিযুক্ত ফার্মেসি দোকানদার হাবিবুর রহমান বন বেলঘড়িয়া বাইপাসের বাসিন্দা হাচেন আলীর ছেলে। 

স্থানীয়রা জানায়, কোনো ধরনের লাইসেন্স ছাড়াই হাচেন আলী এলাকায় ফার্মেসির দোকানদারি করেন। চিকিৎসক না হলেও বিভিন্ন ধরনের চিকিৎসা করে থাকেন তিনি। তার ছেলে হাবিবুর রহমানও বাবার দোকানে ওষুধ বিক্রির পাশাপাশি এ ধরনের অপচিকিৎসা দীর্ঘদিন থেকে চালিয়ে আসছেন। 

Advertisement

বুধবার বিকেলে ভুক্তভোগী ওই শিশুর মা শিশু আসিফের মাথায় টিউমার হলে চিকিৎসা করাতে ওই দোকানে নিয়ে আসেন। এর জন্য ছোট একটি অপারেশন করাতে হবে বলে হাবিবুর রহমান তাদেরকে জানান। কোনো চিকিৎসক না হয়েও শিশু আসিফকে অপারেশন করতে গেলে কিছুক্ষণের মধ্যেই মারা যায় আসিফ। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজন ওই দোকানসহ বাড়ি ঘিরে ফেলে হাচেন আলী ও তার ছেলে হাবিবুরকে আটকে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হাচেন আলী ও তার ছেলে হাবিবুরের বিচার দাবি করেন।

স্থানীয়রা অভিযোগ করেন, এর আগে, এমন অনেক ঘটনা ঘটেছে। এমনকি দু-জন শিশু মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে তারা প্রভাবশালী হওয়ায় বিষয়গুলো ধামাচাপা দিয়ে রেখেছেন। নিহত আসিফের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। 

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পল্লী চিকিৎসক হাবিবুর রহমান হাবিব ও তার বাবা ফার্মেসি মালিক হাচেন আলীকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!