একইভাবে বুক চাপড়ে বিলাপ করছেন আর বারবার মূর্ছা যাচ্ছেন পঞ্চাশোর্ধ্ব রেহেনা বেগম। এ সময় বলছেন, ‘আমার সোনার টুকরা পোলারে আইনা দেও তোমরা। আমি আর বাঁচুম না। আমি কিছু চাই না। আমার পোলার কঙ্কাল দেহটা আইনা দেও।’
শুধু সাইফুল আর রেহেনা বেগম নন, এমন আরো অনেকে আপনজনদের খোঁজে কারখানার সামনে অপেক্ষায় থেকে বিলাপ করছে। দুই দিন ধরে তারা ব্যাকুল—কখন ফিরে পাবে প্রিয়জনকে!
.png)
জানা যায়, গত ২৫ আগস্ট রাতে রাব্বি মিয়া বন্ধু জিহাদের সঙ্গে গাজী টায়ারস কারখানায় গিয়েছিল। এরপর থেকে তারা দুজন নিখোঁজ। রাব্বি স্থানীয় হাজী আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আট সদস্যের তদন্ত কমিটি গঠন করে পরবর্তী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে পুড়ে যাওয়া ভবনটির জীর্ণদশা ও ঝুঁকির কারণ দেখিয়ে উদ্ধারকাজ হচ্ছে না বলে দাবি করেছে ফায়ার সার্ভিস।
গাজী টায়ারসের কারখানায় উদ্ধারকাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। গণপূর্ত মন্ত্রণালয়ের একটি বিশেষ দল পরিদর্শনে এসে ভবনে ঝুঁকি না থাকার ব্যাপারে নিশ্চিত করার পর ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে।
গত সোমবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে সংবাদ সম্মেলনে জানান ঢাকা ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল রেজাউল করিম। কিন্তু গত রাত ১০টার দিকে গাজী টায়ারসের পঞ্চম তলায় আগুন জ্বলে ওঠে। রাত ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন ভবনের চারদিকে ছড়িয়ে পড়ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। কারখানার ভবনের ভেতরে কেমিক্যাল, সালফাইড ও টায়ার থাকার কারণে আগুন পুনরায় জ্বলে উঠেছে।
এদিকে নিখোঁজ ব্যক্তিদের তালিকা করছেন শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে ন্যাশনাল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নতুন করে নিখোঁজদের তালিকা তৈরি করেন। এ সময় তারা স্বজনদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ছবি সংগ্রহ করেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা ১২৯ জনের তালিকা করেন বলে জানান শিক্ষার্থী মাশরাফি ও নিপা।
তারা বলেন, ‘আমরা নিখোঁজদের খোঁজে আসা স্বজনদের কাছ থেকে তাদের ছবি ও আইডি কার্ড সংগ্রহ করছি।’ এ সময় রূপগঞ্জ থানার উপপরিদর্শক রিফাতকে সহযোগিতা করতে দেখা যায়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক কারখানা পরিদর্শনকালে বলেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ারসে আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি ঘটনার সঙ্গে জড়িতদের একটি তালিকা তৈরি করতে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ক্রাইম সিন ইউনিটের প্রতিনিধিদলের প্রধান পুলিশ ইন্সপেক্টর জাহিদুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের দল উদ্ধারকাজ শুরু করেনি। আমরা উদ্ধারকাজ শুরু করার পর তদন্ত করে দেখব।’