ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম থেকে ট্রাকে ট্রাকে যাচ্ছে বোট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৪, ২২ আগস্ট ২০২৪
চট্টগ্রাম থেকে ট্রাকে ট্রাকে যাচ্ছে বোট
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে বন্যার কবলে কুমিল্লা, ফেনী, চট্টগ্রামসহ দেশের কয়েকটি জেলা। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। প্রাণ বাঁচাতে অনেকে আশ্রয় নিয়েছে উঁচু দালানের ছাদে। কেউ আবার পরিবার নিয়ে চলে গেছে আশ্রয়কেন্দ্রে।

তবে যে বিষয়টি লক্ষ্য করা গেছে সেটি হলো- ত্রাণের চেয়েও উদ্ধারের আকুতি আসছে বন্যাদুর্গত এলাকাগুলো থেকে। এরইমধ্যে চট্টগ্রাম থেকে বিভিন্ন ধরনের বোট নিয়ে ঐসব স্থানে রওনা দিয়েছে ছাত্র-জনতাসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

বৃহস্পতিবার সকাল হতে চট্টগ্রাম থেকে ট্রাকে ট্রাকে বোট নিয়ে যেতে দেখা গেছে পাশের জেলা ফেনীতে।

Advertisement

এর আগে বুধবার রাত থেকেই পানিবন্দি অবস্থা থেকে উদ্ধারের আকুতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে থাকেন বন্যাকবলিত এলাকার বাসিন্দারা। ত্রাণের পরিবর্তে স্পিডবোট কিংবা হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজ চালানোর আবেদন জানান তারা।

নরুল করিম নামে এক সাংবাদিক লেখেন, কী একটা নির্ঘুম রাত! চারদিকে আহাজারি। পানির যে স্রোত, সাধারণ নৌকায় রেসকিউ সম্ভব হচ্ছে না। উদ্ধারকাজে অসংখ্য ইঞ্জিনচালিত বোট, হেলিকপ্টার প্রয়োজন। এরইমধ্যে নানা জায়গা থেকে মৃত্যুর খবর আসছে…।

বুধবার রাতভর চট্টগ্রাম নগরের নেভাল, পতেঙ্গা সমুদ্র সৈকতসহ কয়েকটি এলাকায় স্পিডবোটের জন্য ছোটাছুটি করতে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী পতেঙ্গা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন নয়নকে। অনেক চেষ্টার পর শেষে পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনাল থেকে দুটি স্পিডবোট ভাড়া করতে পারেন তিনি।

জানা যায়, দৈনিক ১৫ হাজার টাকা ভাড়া, চালক খরচ এক হাজার এবং তেল খরচ নিজের- এমন শর্তে স্পিডবোট দুটি ভাড়ায় নেন নয়ন। যদিও পরে সেনাবাহিনীর সহায়তায় দৈনিক ভাড়া ১৫ হাজার থেকে পাঁচ হাজার টাকা করা হয়।

ছাত্র-জনতার পাশাপাশি বানভাসি মানুষদের উদ্ধারে এগিয়ে এসেছে পতেঙ্গা সমুদ্র সৈকত স্পিডবোট মালিক সমবায় সমিতিও। তাদের পক্ষ থেকে প্রায় ২৬টি বোট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মুছা আলম।

তিনি বলেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত ২৬টি স্পিডবোট ফেনীর উদ্দেশ্যে রওনা হয়েছে। বিনা ভাড়ায় বোটগুলো পাঠানো হয়েছে। এছাড়া শুধু ­জ্বালানি খরচের বিনিময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদকে দুটি বোট দেওয়া হয়েছে।

এদিকে, নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে- চট্টগ্রাম থেকে রওনা হয়ে ফেনীতে বন্যাদুর্গত এলাকায় উদ্ধারকাজে অংশগ্রহণ নিয়েছে তাদের একটি কন্টিনজেন্ট। উদ্ধারকাজে ডুবুরি সামগ্রী, লাইফ-জ্যাকেট, স্পিডবোট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ব্যবহৃত হচ্ছে। জরুরি চিকিৎসাসেবা ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, বন্যায় ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার প্রায় ৯৫ শতাংশ এলাকা ডুবে গেছে। বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। নেই বিদ্যুৎ সংযোগ। সারাদেশের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফেনী জেলা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!