শনিবার বেলা ১১টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদুল হাসান চৌধুরী তাদের জামিন দেন।
জামিনে মুক্তি পাওয়া তিন পরীক্ষার্থী হলেন- মাদারীপুর পৌরসভার সরদার কলোনি এলাকার মনির কাজীর ছেলে তানভীর কাজী (১৮), সদর উপজেলার পশ্চিম রঘুরামপুর গ্রামের নুর মোহাম্মদ সরদারের ছেলে নুর আলম সরদার (১৮) ও একই উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মজিবর শিকদারের ছেলে নজরুল ইসলাম শিকদার (১৮)।
.png)
জানা যায়, গত ১৮ ও ১৯ জুলাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ঢুকে মাদারীপুরে বেশকিছু সরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুর করে নাশকতাকারীরা। এ সময় লঞ্চঘাট এলাকার পুলিশ ফাঁড়িতে আগুন ও মোস্তফাপুরের ট্রাফিক পুলিশবক্স ভাঙচুর করে দুর্বৃত্তরা। বাধা দিতে গেলে আন্দোলনকারী, ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পুলিশসহ আহত হন শতাধিক।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর মডেল থানায় একাধিক মামলা দায়ের করে। ওই মামলায় গত ১৮ ও ১৯ জুলাই গ্রেফতারের পর জেলহাজতে পাঠানো হয় ওই তিন এইচএসসি পরীক্ষার্থীকে।
শনিবার সকালে আদালতে জামিন আবেদন করা হলে শুনানি শেষে বেলা ১১টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদুল হাসান চৌধুরী তাদের জামিন দেন।
মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আল মামুন জানান, মানবিক দিক বিবেচনা করে ওই তিন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।