ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাউজানে সুলাল হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ৩ জুলাই ২০২৪
রাউজানে সুলাল হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে সুলাল চৌধুরী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আরো একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এইচএম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মিঠু চৌধুরী ওরফে মিন্টু চৌধুরী, সুমন চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও এরশাদ হোসেন।

Advertisement

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- সুদ্বীপ চৌধুরী ওরফে সঞ্জিত চৌধুরী।

চট্টগ্রাম জেলা পিপি আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার আসামি মিঠু চৌধুরী ওরফে মিন্টু চৌধুরী, সুমন চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও এরশাদ হোসেনকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আরেক আসামি সুদ্বীপ চৌধুরী ওরফে সঞ্জিত চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোহাম্মদ ইলিয়াস ওরফে ইলুকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দেলোয়ার হোসেন ও সুদ্বীপ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন রাতে রাউজান উপজেলার নোয়াজিশপুর চিকদাইর সড়কে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে খুন হন সুলাল চৌধুরী। বাড়ি ফেরার সময় তাকে কুপিয়ে খুন করে মরদেহ ডোবায় ফেলে দেন আসামিরা। এ ঘটনায় সুলাল চৌধুরীর ছেলে সৌরভ চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার ২০ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!