ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌতুক না পেয়ে সুমিকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ৩০ জুন ২০২৪
যৌতুক না পেয়ে সুমিকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
মৃতুদণ্ডপ্রাপ্ত মো. জুয়েল মিয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৫০ হাজার জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন।

মৃতুদণ্ডপ্রাপ্ত হলেন- রূপগঞ্জের ইছাখালি এলাকার মো. মারফত আলীর ছেলে মো. জুয়েল মিয়া (২৮)। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় জুয়েল মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বাদীপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

Advertisement

আদালতের সরকারি কৌসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, রূপগঞ্জের নগরপাড়া এলাকার মো. সিরাজ ভূইয়ার মেয়ে সুমি আক্তারের সঙ্গে ইছাখালি এলাকার মো. মারফত আলীর ছেলে মো. জুয়েল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমি আক্তারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। মেয়ের সুখের কথা চিন্তা করে দাবিকৃত যৌতুক বাবদ জুয়েলকে ৯০ হাজার প্রদান করা হয়। কিছুদিন পর আবার ২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল যৌতুক দাবি করেন। 

তিনি আরো বলেন, সুমি আক্তার এর প্রতিবাদ করলে তাকে মারধর করেন। তিনি বাবার বাড়ি চলে গেলে বাবা মো. সিরাজ ভূইয়া টাকা যোগাড় করে মোটরসাইকেল কিনে দেবেন বলে মেয়েকে স্বামীর বাড়িতে পাঠান। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় ২০১৭ সালের ১৭ জুন সন্ধ্যায় শ্বাসরোধ করে সুমিকে হত্যা করেন। এ ঘটনায় বাবা মো. সিরাজ ভূইয়া রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে ৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!