ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০০, ২৬ জুন ২০২৪
সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড। ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ছোট ধুশিয়া এলাকার সমাজকর্মী নুরুল হক হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড ও ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সবাইকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলার বাদী পক্ষের আইনজীবী এপিপি মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন জানান, নুরুল হক হত্যা মামলার এজাহারে মোট ২২ জন আসামি ছিলেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করেন। রায় প্রদানের সময় আদালতের এজলাসে ১১ জন আসামি উপস্থিত ছিলেন। অপর ৭ আসামি পলাতক রয়েছেন। মামলার বিচার চলাকালীন সময়ে ২ আসামি মারা যান এবং ২ জনকে বেকসুর খালাস প্রদান করেছেন বিচারক। এ মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 

Advertisement

মামলার বাদী নুরুল হকের ছেলে শরিফুল ইসলাম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশের রায়ে ক্ষিপ্ত হয়ে মামলার এক নম্বর আসামি মো. মাসুমসহ অন্যান্য আসামিরা মিলে ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বাবাকে ধারালো অস্ত্রের আঘাতে এবং পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ২২ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্তকারী কর্মকর্তা ২০ জনকে অভিযুক্ত করে আদালতের চার্জশিট প্রদান করেন। বিজ্ঞ বিচারক বুধবার এ মামলার রায় প্রদান করেছেন। রায়ে আমি সন্তুষ্ট।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!