ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ৪ ফাঁসির আসামি পালানোর ঘটনায় মামলা, দুটি তদন্ত কমিটি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ২৬ জুন ২০২৪
বগুড়ায় ৪ ফাঁসির আসামি পালানোর ঘটনায় মামলা, দুটি তদন্ত কমিটি
গ্রেফতার হওয়া চার ফাঁসির আসামি। ছবি: সংগৃহীত

সারাদেশের আলোচিত চাঞ্চল্যকর বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ কেটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদির পলায়নের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসন ও কারাগার কর্তৃপক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুনরায় গ্রেফতারকৃত ৪ কয়েদিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

বুধবার বিকেলে বগুড়া সদর থানায় ৪ কয়েদিকে পুনরায় আসামি করে বগুড়া কারাগারের জেলার ফরিদুর রহমান রুবেল বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিন সকালে রাজশাহী ডিআইজি ও বিকেলে অতিরিক্ত আইজিপি (প্রিজন) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ছাদ কেটে রশির মাধ্যমে তারা পলায়ন করেন৷ পরে পুলিশ রাতে ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

Advertisement

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদি হলেন- কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম ওরফে মজনু (কয়েদি নম্বর-৯৯৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (কয়েদি নম্বর-৫১০৫), বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আবদুল মান্নানের ছেলে মো. জাকারিয়া (কয়েদি নম্বর-৩৬৮৫) এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (কয়েদি নম্বর-৪২৫২)।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেফতার করেছে। এ ঘটনায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে এডিএমকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক আরো জানান, এ ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- এডিএম, পুলিশের একজন কর্মকর্তা, র‌্যাবের একজন, গণপূর্ত বিভাগের একজন, ফায়ার সার্ভিসের একজন এবং জেলা কারাগারের একজন থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!