ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কোরআনে হাফেজ নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪১, ২৫ জুন ২০২৪
ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কোরআনে হাফেজ নিহত
হাফেজ মনসুর আলম। ফাইল ফটো

ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন হাফেজ মনসুর আলম (২৫)। সোমবার বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে ধাক্কায় তিনি নিহত হন। নিহত মনসুর ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের সাহাপুর এলাকার আর্মি মান্নানের বাড়ির আলমের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, মনসুর তার ফুফাতো ভাই নাঈমকে নিয়ে শনিবার মোটরসাইকেলে খাগড়াছড়ি বেড়াতে বের হন। সেখানে থেকে বাড়ি ফেরার পথে মহালছড়ি নামক স্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা লেগে পড়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মনসুরকে মৃত ঘোষণা করেন। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে মনসুর দ্বিতীয়।

বিকেলে তার বাড়িতে গিয়ে দেখা গেছে, ছেলের মৃত্যুর খবর পেয়ে মা বারবার জ্ঞান হারাচ্ছেন। আত্মীয়-স্বজনরাও বাড়িতে ভিড় করছেন। ভাইকে হারিয়ে বিলাপ করছেন বোনরাও। ছেলের লাশ আনতে খাগড়াছড়ি ছুটে যান তার বাবা আলমসহ কয়েকজন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

মোটবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর রশিদ জানান, দুর্ঘটনায় তরুণের মৃত্যুর খবর শুনেছেন তিনি। লাশ বাড়িতে আনা হয়েছে। জানাজা-দাফনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী মোটরসাইকেল দুর্ঘটনায় খাগড়াছড়িতে ফেনীর এক যুবক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!