বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চাঁদপুর সদর উপজেলার ১ নম্বর বিষ্ণুপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ড মধ্যমছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ইউনিয়নে পরিষদ সূত্রে জানা গেছে, মধ্যমছড়ি গ্রামের বাসিন্দা আহম্মদ হোসেন বেপারীর ছেলে প্রতিবন্ধী আলী হোসেন তার গরুগুলো গোয়াল ঘরে বাঁধা ছিল। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তার চারটি গরু, দুইটি ছাগল মারা যায় ও দুইটি বাছুর আহত হয়। এ সময় আলী হোসেনের শরীর ঝলসে যায়। স্থানীয় বাবুল মল্লীক, ফয়সাল, আলমগীর হোসেন বেপারী, মুক্তার মুন্সী দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠায়। বজ্রপাতে প্রতিবন্ধী আলি হোসেনের আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
.png)
খবর পেয়ে ইউপি সদস্য শাহ্ মোহাম্মদ জাবেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, আমার ওয়ার্ডে প্রতিবন্ধী আলী হোসেন খুবই অসহায় একজন মানুষ। চার মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিন যাপন করছেন তিনি। তিল তিল করে জমানো টাকা দিয়ে গরু কিনে লালন পালন শুরু করেন। হঠাৎ করে এই বজ্রপাতে তাকে সর্বশান্ত করে দিল। সবাই যার যার অবস্থান থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
ইউপি চেয়ারম্যান মো. নাছির উদ্দিন খান শামীম বলেন, বজ্রপাতে প্রতিবন্ধী আলী হোসেনের চারটি গরু, ২টি ছাগল মারা গেছে। এ ছাড়া তিনি গুরুতর আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী আলী হোসেনকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।