ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আরএস ফাহিম চৌধুরীর টিমের সদস্য তনু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৯, ৯ জুন ২০২৪
বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আরএস ফাহিম চৌধুরীর টিমের সদস্য তনু
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ইলিয়ট ব্রিজে ছাদ খোলা প্রাইভেটকারে চড়ে ভিডিও করার সময় লোহার পাইপের সঙ্গে আঘাত লেগে নিহত ভিডিও কনটেন্ট ক্রিয়েটর রবিউল আজিম তনুর দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার কলারোয়ার গোপিনাথপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা লিয়াকত আলীর কবরের পাশে তাকে দাফন করা হয়। তিনি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীর টিমের সদস্য ছিলেন।

এর আগে, শনিবার রাত ৯টা ১৮ মিনিটে স্বজনরা তার মরদেহ নিয়ে সাতক্ষীরার কলারোয়া গোপিনাথপুর গ্রামে পৌঁছান। তনুর মরদেহ পৌঁছানোর পর সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তার মা সালেহা খাতুন ছেলের মরদেহ দেখে বার বার মূর্ছা যাচ্ছিলেন। পরে রাত ১১টার দিকে কলারোয়া গোপিনাথপুর পেট্রোল পাম্পে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

Advertisement

আরো পড়ুন>>পা থেকে মাথা পর্যন্ত কোপানো হয় ২৩ মামলার আসামিকে

কলারোয়া জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল আজিজের ইমামতিত্বে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাতক্ষীরার জনপ্রিয় ফটোগ্রাফার সাকিব জামানসহ সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন। জানাজা শেষে তার দাফন কাজ শেষ করা হয়।

তনুর স্বজনরা জানান, দুই ভাইয়ের মধ্যে তনু ছিলেন ছোট। বাবা মৃত লিয়াকত আলী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন। মা সালেহা খাতুনও ব্যাংকের কর্মকর্তা ছিলেন। বড় ভাই সাগর থাকেন মালয়েশিয়ায়।

আরো পড়ুন>>চোখের পলকে সব শেষ, চিরদিন দায়ী থাকবো: ইউটিউবার আর এস ফাহিম

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন, তনুর মরদেহ বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অনেক দূর-দূরান্ত থেকে তনুকে দেখার জন্য অনেক মানুষ ছুটে আসেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!