রোববার (২ জুন) রাত ১০টার দিকে উপজেলার কামতা গ্রামের সুইচগেট এলাকায় ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। মৃত শাহাদাৎ হোসেন উপজেলার ৩ নম্বর সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঘপুর গ্রামের মৃত শহিদউল্যাহ ব্যাপারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুবিদপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন।
.png)
তিনি জানান, রোববার রাতে শাহাদাৎ ও তার ভাই তাজু ওই এলাকায় মাছ শিকার করতে যান। এ সময় একটি মাছ দেখতে পেয়ে তাজু টেঁটা দিয়ে কোপ দেন। আর শাহাদাৎ নদীতে নেমে টেঁটা থেকে মাছটি ধরতে গেলে হঠাৎ তাকে যেন কেউ নদীতে টেনে নিয়ে যাচ্ছে এমন মনে হয়। এ সময় তার ভাই তাজু তাকে বাঁচাতে নদীতে নামলে তাকেও নদীতে টেনে নিয়ে যাচ্ছে এমন কিছু অনুভব করেন। তাজু কোনোভাবে নদীর পাড়ে উঠতে সক্ষম হলেও শাহাদাৎ পারেননি।
তিনি আরো বলেন, ওই স্থানে অনেকেই মাছ শিকার করছিলেন। তাদের চিৎকারে লোকজন গিয়ে শাহাদাৎকে মৃত অবস্থায় উদ্ধার করে। তবে তার শরীরের কোথাও কোনো আঘাত কিংবা জখমের চিহ্ন পাওয়া যায়নি। তবে কান থেকে অনবরত রক্ত বের হচ্ছিল। তাজুর অবস্থা আশঙ্কাজনক। তাকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার এসআই মো. মহিউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।