ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নতুন পানিতে মাছ শিকারের মহোৎসব

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ৯ অক্টোবর ২০২৩
নতুন পানিতে মাছ শিকারের মহোৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ

কথায় আছে, ‘মাছে ভাতে বাঙালি’। মাছ ও বাঙালি একইসূত্রে গাঁথা৷ কিশোরগঞ্জের হোসেনপুরে টানা দুদিনের বৃষ্টিতে চারিদিক পানিতে থৈ থৈ। আর এ নতুন পানিতে চলছে মাছ শিকারের মহোৎসব। বড়শি, বিভিন্ন ধরনের জাল, বানা, পলো, চাঁইসহ নানা ধরনের ফাঁদ ব্যবহার করে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছেন জেলেসহ নানা পেশার মানুষ।

জানা যায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃষ্টিতে পুকুর, মাঠ ঘাট সবই তলিয়ে যায়। এতে করে চাষকৃত পুকুরের মাছ চারদিকের পানিতে ছড়িয়ে পড়ে। এসব মাছ ধরে ব্যস্ত সময় পার করছে স্থানীয়রা।

গত রোববার ও সোমবার এ উপজেলার কয়েকটি এলাকায় গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের শত শত মানুষ মাছ শিকারে ব্যস্ত। কেউ জাল পেতে বসে আছেন, আবার কেউ বড়শি ফেলে বসে আছেন। এসব বড়শি ও জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুই, কাতল, তেলাপিয়াসহ নানান জাতের দেশীয় মাছ। 

Advertisement

উপজেলার ঢেকিয়া, ধূলজুরী, বর্শিকুড়া, গোবিন্দপুর, নিরাহারগাতী, বিলচাতল, জামাইল গ্রামে গিয়ে দেখা যায় চাষকৃত ফিশারির পার্শ্ববর্তী ধানক্ষেত ও বিলে মানুষ মাছ শিকারে ব্যস্ত। 

ধূলজুরী গ্রামের কাঠমিস্ত্রী খোকন মিয়া জানান, তিনি এ পর্যন্ত দুদিনে নিজের খাবারের জন্য রেখেও প্রায় তিন হাজার টাকার মাছ বিক্রি করেছেন। 

বর্শিকুড়া গ্রামেন সঞ্জিত চন্দ্র শীল জানান, তিনি বছরে মাঝে মাঝে জাল ফেলে মাছ ধরেন। তবে এবারের মাছ ধরার চিত্র ভিন্ন। জাল ফেললেই বড় বড় মাছ ও মাছের পোনা উঠছে। 

বিলচাতল গ্রামের কয়েকজন জানান, এ বছরের মতো পানি গত ৩০ বছরেও হয়নি। ওই এলাকার একেকজন প্রায় এক মণ দুই মণ মাছ শিকার করেছেন। 

এদিকে, বিভিন্ন এলাকায় সস্তা দামে মাছ বিক্রি করতেও দেখা গেছে অনেককে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!