ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা নিয়ে মোটরসাইকেল দেয়নি ইভ্যালি, চেকের মামলায় রাসেল-শামীমার জেল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৭, ২ জুন ২০২৪
টাকা নিয়ে মোটরসাইকেল দেয়নি ইভ্যালি, চেকের মামলায় রাসেল-শামীমার জেল
ছবি: সংগৃহীত

চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২ জুন) চট্টগ্রামের সপ্তম যুগ্ম মহানগরের জজ মোহাম্মদ মহিউদ্দীনের আদালত এ রায় দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম বলেন, চেক প্রতারণার মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের চেকের সমপরিমাণ এক লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের এপ্রিল মাসে মোটরসাইকেল কেনার জন্য ইভ্যালিকে এক লাখ ১০ হাজার টাকা দিয়েছিলেন চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন আবিদ। কিন্তু মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি ইভ্যালি। ইভ্যালির দেওয়া একটি চেক ব্যাংকে দিলে সেটি প্রত্যাখ্যাত হয়।

এ ঘটনায় ২০২১ সালের ২ অক্টোবর ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা করেন ভুক্তভোগী জসিম উদ্দিন আবিদ। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর এক মামলায় রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা। পরে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর রাসেলও জামিনে মুক্তি পান।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!