ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব

ফেনীতে গাছপালা উপড়ে বিদ্যুৎবিহীন সাড়ে ৪ লাখ মানুষ

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৮, ২৮ মে ২০২৪
ফেনীতে গাছপালা উপড়ে বিদ্যুৎবিহীন সাড়ে ৪ লাখ মানুষ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া উপকূলীয় জেলা ফেনীতে অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সঞ্চালন লাইনে গাছপালা উপড়ে পড়ায় সাড়ে ৪ লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছেন। 

জানা গেছে, ঝড়ো হাওয়ায় বিদ্যুতের লাইনে গাছ উপড়ে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা শহরে মধ্যরাত পর্যন্ত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক থাকলেও তারপর থেকে বেশিরভাগ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত রাত থেকেই উপজেলাগুলোতে বিদ্যুৎ ছিল আশা যাওয়ার মাঝে।

দাগনভূঞার ওমরাবাদ গ্রামের বাসিন্দা আরিফুর রহমান বলেন, বৃষ্টির সঙ্গে তীব্র বাতাসের কারণে কিছু গাছপালা উপড়ে পড়েছে। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। 

Advertisement

সোনাগাজীর চর চান্দিয়া এলাকার বাসিন্দা আলী আমজাদ বলেন, মধ্যরাত থেকে বাতাসের গতিবেগ বেড়েছে। এখন পর্যন্ত আমরা নিরাপদে আছি। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকলেও লোকালয়ে প্রবেশ করেনি।

ফেনী আবহাওয়া দফতরের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনো ১২ থেকে ১৪ কিলোমিটার বেগে বাতাস বইছে। আজো সারাদিন ও রাতে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানান এ কর্মকর্তা। 

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার হাওলাদার মো. ফজলুর রহমান বলেন, রাত থেকেই ঝড়ো হাওয়ায় বিদ্যুতের সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল ৮টা থেকে পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে সংযোগ সচল করতে কাজ শুরু হবে। বর্তমানে জেলায় পল্লী বিদ্যুতের ৪ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!