ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদিতে মাদারীপুরের যুবকের রহস্যজনক মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৮, ২২ মে ২০২৪
সৌদিতে মাদারীপুরের যুবকের রহস্যজনক মৃত্যু
ছবিতে সুমন

সৌদি আরবের ক্যাবেট সিটি এলাকায় মাদারীপুর জেলার শিবচরের সুমন নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) বিকেলে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়। 

তবে পরিবারের দাবি, সুমনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত লাশ দেশে আনার দাবি জানিয়েছে পরিবার।

জানা গেছে, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের মুদি দোকানি দাদন হাওলাদারের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় সুমন হাওলাদার। পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে প্রায় ৫ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান সুমন। সৌদির ক্যাবেট সিটির মরুভূমি সাইট এলাকায় বসবাস করতেন সুমন। সেখানে টেকনিশিয়ান হিসেবে এসির কাজ করতেন তিনি।

Advertisement

মঙ্গলবার বিকেলে সৌদি আরব থেকে সুমনের পরিবারের কাছে খবর আসে, সেখানে এসির কাজ করার সময় একদল ভুয়া পুলিশের তাড়া খেয়ে বহুতল একটি ভবনের ছাদ থেকে পড়ে সুমনের মৃত্যু হয়। আবার কেউ জানায়, সুমন কয়েকজন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন এ সময় পুলিশের তাড়া খেয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। সুমনের এই মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে সুমনকে হত্যা করে ঘটনা ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলে তার পরিবার দাবি করেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে লাশ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা।

নিহত সুমনের মা বানু বেগম জানান, আমার ছেলের মাথার এক পাশ ছাড়া অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। আর ছাদ থেকে পড়লে শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকার কথা। সঠিক তদন্ত শেষে লাশ দ্রুত দেশে আনার দাবি জানাচ্ছি।

শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, বিষয়টি আমাদের কেউ এখনো জানায়নি। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!