ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ৬

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৭, ২১ মে ২০২৪
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই চেয়ারম্যান প্রার্থীর অন্তত ৬ সমর্থক আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে ভোট চলাকালীন সময় সহিংসতা শুরু হয়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সরদার ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের সমর্থকদের মাঝে এ সংঘর্ষ ঘটে। পরে আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে, ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক জানান, সকালে গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোটগ্রহণ স্বাভাবিক আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!