ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামের তিন উপজেলায় চলছে ভোটগ্রহণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৩, ২১ মে ২০২৪
চট্টগ্রামের তিন উপজেলায় চলছে ভোটগ্রহণ
ছবি: ডেইলি বাংলাদেশ

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চট্টগ্রামের তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় ভোটগ্রহণ চলছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

মঙ্গলবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, নির্বাচনে দুই হাজার ৯৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এরমধ্যে আনসার দুই হাজার ৩৬ জন, ব্যাটালিয়ন আনসার ১০ জন ও পুলিশ সদস্য ৭৬৯ জন রয়েছেন। এছাড়াও দায়িত্ব পালন করছে র‍্যাব ও বিজিবি। পাশাপাশি ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

Advertisement

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হাটহাজারীর সবগুলো কেন্দ্রের জন্য এক হাজার ৭২৯ জন আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পুরো উপজেলায় দায়িত্বে রয়েছেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

তিন উপজেলায় মোট ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা।

এ ধাপে চট্টগ্রামের চার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাউজানে সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় বাকি তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তিন উপজেলায় ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাউজানে উপজেলা চেয়ারম্যান পদে একেএম এহেছানুল হায়দর চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবিনা ইয়াছমিন রুজি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রাঙ্গুনিয়ায়ও চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও এরই মধ্যে ভাইস চেয়ারম্যান পদেও অন্যজনের সমর্থনে সরে দাঁড়িয়েছেন একজন। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় এখন একক প্রার্থী হওয়া সত্ত্বেও এখানে ভোটগ্রহণের সব আয়োজন করা হয়েছে।

রাঙ্গুনিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে আবুল কাশেম চিশতী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ওমর ফারুক ও উড়োজাহাজ প্রতীক নিয়ে শেখর বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া হাটহাজারীতে উপজেলা চেয়ারম্যান পদে ইউনুস গনি চৌধুরী (আনারস), এসএম রাশেদুল আলম (মোটরসাইকেল), মো. সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে অশোক কুমার নাথ (তালা), এমএ খালেদ চৌধুরী (বৈদ্যুতিক বাল্ব), মো. আশরাফ উদ্দিন (টিউবওয়েল), মো. নুরুল আবছার (চশমা)।

মহিলা ভাইস চেয়ারম্যান বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি), মোক্তার বেগম (কলস), মোছা. শারমীন আকতার (হাঁস), সাজেদা বেগম (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফটিকছড়িতে উপজেলা চেয়ারম্যান পদে মোহাম্মদ নাজিম উদ্দিন (মোটরসাইকেল) ও মু. বখতেয়ার সাঈদ (আনারস)।

ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী (বই), মুহাম্মদ জসিম উদ্দিন (টিউবওয়েল), মো. নাজিম উদ্দিন ছিদ্দিকী (চশমা), সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুননাহার (প্রজাপতি), শারমীন আক্তার (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিন উপজেলায় মোট ভোটার ১১ লাখ ২০ হাজার ৭৩৪ জন। এর মধ্যে হাটহাজারীতে রয়েছেন তিন লাখ ৫৭ হাজার ৪৪৮ জন। এতে পুরুষ ভোটারের সংখ্যা এক লাখ ৮৬ হাজার ৬৪৩ জন ও নারী এক লাখ ৭০ হাজার ৮০৫ জন। ফটিকছড়িতে ভোটার সংখ্যা চার লাখ ৬৪ হাজার ৬০৭ জন। যার মধ্যে পুরুষ দুই লাখ ৪৫ হাজার ৯৩৮ জন ও নারী দুই লাখ ১৮ হাজার ৬৬৭ জন। রাঙ্গুনিয়ায় মোট ভোটার দুই লাখ ৯৮ হাজার ৬৭৯ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৫৮ হাজার ১২২ জন ও নারী এক লাখ ৪০ হাজার ৫৫৭ জন।

তিন উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৩৪৩টি। এর মধ্যে হাটহাজারীতে ১০৬টি, ফটিছড়িতে ১৪২টি ও রাঙ্গুনিয়ায় ৯৫টি। ভোটগ্রহণে নিয়োজিত রয়েছেন নয় হাজার ৬৭৪ জন কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!