ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ভোটের লড়াইয়ে ২১, মালা উঠবে কার গলায়?

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৭, ২১ মে ২০২৪
চট্টগ্রামে ভোটের লড়াইয়ে ২১, মালা উঠবে কার গলায়?
ছবিতে চেয়ারম্যান পদের প্রার্থীরা

রাত পোহালেই শুরু হচ্ছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। এ ধাপে চট্টগ্রামের চার উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটিতে সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো- হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া।

তিন উপজেলায় ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাউজানে উপজেলা চেয়ারম্যান পদে একেএম এহেছানুল হায়দর চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবিনা ইয়াছমিন রুজি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Advertisement

রাঙ্গুনিয়ায়ও চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও এরই মধ্যে ভাইস চেয়ারম্যান পদেও অন্যজনের সমর্থনে সরে দাঁড়িয়েছেন একজন। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় অতিবাহিত হওয়ায় এখন একক প্রার্থী হওয়া সত্ত্বেও এখানে ভোটগ্রহণের সব আয়োজন করা হয়েছে।

রাঙ্গুনিয়ায় উপজেলা চেয়ারম্যান পদে আবুল কাশেম চিশতী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হোসনে আরা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে ওমর ফারুক ও উড়োজাহাজ প্রতীক নিয়ে শেখর বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া হাটহাজারীতে উপজেলা চেয়ারম্যান পদে ইউনুস গনি চৌধুরী (আনারস), এসএম রাশেদুল আলম (মোটরসাইকেল), মো. সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে অশোক কুমার নাথ (তালা), এমএ খালেদ চৌধুরী (বৈদ্যুতিক বাল্ব), মো. আশরাফ উদ্দিন (টিউবওয়েল), মো. নুরুল আবছার (চশমা)।

মহিলা ভাইস চেয়ারম্যান বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি), মোক্তার বেগম (কলস), মোছা. শারমীন আকতার (হাঁস), সাজেদা বেগম (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ফটিকছড়িতে উপজেলা চেয়ারম্যান পদে মোহাম্মদ নাজিম উদ্দিন (মোটরসাইকেল) ও মু. বখতেয়ার সাঈদ (আনারস)।

ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী (বই), মুহাম্মদ জসিম উদ্দিন (টিউবওয়েল), মো. নাজিম উদ্দিন ছিদ্দিকী (চশমা), সৈয়দ জাহেদ উল্লাহ কুরাইশী (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেবুননাহার (প্রজাপতি), শারমীন আক্তার (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, তিন উপজেলায় মোট ভোটার ১১ লাখ ২০ হাজার ৭৩৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩৪৩টি। ভোট কক্ষের সংখ্যা দুই হাজার ৯৯৬টি। ভোটগ্রহণে নিয়োজিত করা হয়েছে নয় হাজার ৬৭৪ জন কর্মকর্তা।

ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, নির্বাচনে দুই হাজার ৯৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে আনসার দুই হাজার ৩৬ জন, ব্যাটালিয়ন আনসার থাকবে ১০ জন, পুলিশ সদস্য থাকবে ৭৬৯ জন, র‌্যাব থাকবে ২০ জন এবং বিজিবি সদস্য থাকবে ১১০ জন। এছাড়া ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হাটহাজারীর সবগুলো কেন্দ্রের জন্য এক হাজার ৭২৯ জন আনসার মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পুরো উপজেলায় দায়িত্বে থাকবেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব উপজেলায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ, র‍্যাব এবং আনসার সদস্যরা রয়েছেন। সোমবার স্ব স্ব উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সব নির্বাচনী সামগ্রী নিয়ে প্রিসাইডিং কর্মকর্তারা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছেন। দুর্গম কেন্দ্রগুলো ছাড়া অবশিষ্ট ৯৫ ভাগ ভোটকেন্দ্রে ব্যালট যাবে ভোটের দিন সকালে।

তিনি আরো বলেন, তিন উপজেলায় তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রতি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এর আগে, গত ৮ মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের তিন উপজেলা মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপে নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে আগামী ২৯ মে চট্টগ্রামের চার উপজেলা আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া ও চন্দনাইশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!