একই কারণে রাঙ্গুনিয়ায়ও চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না।
আগেই শেষ হয়েছে প্রচার প্রচারণা। এখন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
.png)
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, তিন উপজেলায় ভোটগ্রহণে নিয়োজিত থাকবেন নয় হাজার ৬৭৪ জন কর্মকর্তা। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি উপজেলায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা রয়েছেন।
তিন উপজেলায় মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিন উপজেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ২০ হাজার ৭৩৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৩৪৩টি এবং ভোট কক্ষের সংখ্যা দুই হাজার ৯৯৬টি।
ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন, নির্বাচনে দুই হাজার ৯৪৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে আনসার দুই হাজার ৩৬ জন, ব্যাটালিয়ন আনসার থাকবে ১০ জন, পুলিশ সদস্য থাকবে ৭৬৯ জন, র্যাব থাকবে ২০ জন এবং বিজিবি সদস্য থাকবে ১১০ জন। এছাড়া ২৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হাটহাজারীর সবগুলো কেন্দ্রের জন্য এক হাজার ৭২৯ জন আনসার মোতায়েন থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পুরো উপজেলায় দায়িত্বে থাকবেন ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার নিজ নিজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে কেন্দ্রে। তবে দুর্গম কেন্দ্রগুলো ছাড়া সব ভোটকেন্দ্রে ব্যালট পাঠানো হবে ভোটের দিন সকালে।
এর আগে, গত ৮ মে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের তিন উপজেলা মীরসরাই, সীতাকুণ্ড ও সন্দ্বীপে নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে আগামী ২৯ মে চট্টগ্রামের চার উপজেলা আনোয়ারা, বোয়ালখালী, পটিয়া ও চন্দনাইশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।