ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রতিবন্ধী হওয়ায় সন্তানকে বিষ খাওয়ান বাবা-মা, অতঃপর...

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ১৮ মে ২০২৪
প্রতিবন্ধী হওয়ায় সন্তানকে বিষ খাওয়ান বাবা-মা, অতঃপর...
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আড়াই বছরের প্রতিবন্ধী সন্তানকে বিষ খাইয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মা-বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া গ্রামে।

শুক্রবার (১৭ মে) রাতে নিজ সন্তানকে ঐ বাবা-মা হত্যা করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ফারিয়া আক্তার নামের ঐ শিশুর বাবার নাম রাশেদ মিয়া ও মা একই গ্রামের ওয়াসিত মিয়ার মেয়ে শাপলা বেগম। রাশেদ ঐ গ্রামের ফয়জল মিয়ার ছেলে।

Advertisement

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ফারিয়া নামে আড়াই বছরের সন্তান জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিলো। সে চলাফেরা করতে পারতো না। শুধু বিছানায় শুয়ে থাকতো। এতে শিশুর মা-বাবা ধৈর্যহারা হয়ে পড়েন। তারা প্রায়ই ফারিয়াকে অবহেলা করে ঘরের বাইরেও ফেলে রাখতেন। শুক্রবার বিকেলে ফারিয়ার মুখে কীটনাশক ঢেলে দেন ঐ দম্পতি।

পরে নিজেরাই ফারিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মেয়েটি মারা যায়। লাশ বাড়িতে এনে দাফনের চেষ্টা করেন তারা। কিন্তু এরইমধ্যে বিষ খাওয়ানোর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ফারিয়ার বাবা-মা ও নানি পালিয়ে যান। ঘর থেকে পুলিশ ফারিয়ার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় ফারিয়ার নানা ওয়াসিত মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন।

এদিকে, বিষ প্রয়োগের কারণে ফারিয়ার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার আব্দুর রউফ।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রতিবন্ধী সন্তান হওয়ার কারণে আড়াই বছরের ফারিয়াকে তার মা-বাবা কীটনাশক খাইয়ে মেরে ফেলেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!