ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফিটনেস প্রশিক্ষক যখন ‘ভয়ঙ্কর চোর’

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৩, ১৬ মে ২০২৪
ফিটনেস প্রশিক্ষক যখন ‘ভয়ঙ্কর চোর’
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এক স্কুলশিক্ষকের বাসায় চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে নগরের চান্দগাঁও থানা পুলিশ। এ সময় একজনের কাছ থেকে চুরির মালামালের সঙ্গে ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন থানার এসআই মোমিনুল হাসান। এর আগে, বুধবার রাতে নগরের সিআরবি ও চান্দগাঁও মেহেরজান ঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল্লাহ আল হৃদয় ওরফে রিফাত ও কামাল হোসাইন মুন্না। দুজনের বাড়ি কক্সবাজার। বর্তমানে থাকেন নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায়। মুন্না একজন ফিটনেস প্রশিক্ষক।

Advertisement

পুলিশ জানায়, গত ১৯ মার্চ চান্দগাঁও আবাসিক এলাকার এ-ব্লকের এক নম্বর সড়কে এক স্কুলশিক্ষকের বাসায় দরজার তালা কেটে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলে তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে রবিন নামে একজনকে শনাক্ত করা হয়। গত ১৯ এপ্রিল রবিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। সেখানে চুরির দায় স্বীকার করে দেওয়া জবানবন্দিতে হৃদয় ও মুন্নার নাম প্রকাশ করেন তিনি।

এরপর বুধবার সন্ধ্যায় নগরের সিআরবি এলাকা থেকে হৃদয় এবং চান্দগাঁও মেহেরজান ঘাটা এলাকা থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যে নগরের বালুচড়া এলাকায় মুন্নার বাসা থেকে দুই মাস আগে চুরি করা প্রায় এক ভরি ওজনের একটি সোনার বার ও চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় বাসাটিতে ৫০০ ইয়াবাও পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই মোমিনুল হাসান বলেন, রবিন, হৃদয় ও মুন্না তিনজনই বন্ধু। তারা ভবঘুরে প্রকৃতির। তিনজনকে দেখে বোঝার কোনো উপায় নেই যে তারা চুরির সঙ্গে জড়িত। মুন্নার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। মাদক আইনেও চান্দগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

এসআই মোমিনুল আরো বলেন, হৃদয় নিয়মিত জিম করে। বিভিন্ন জিম সেন্টারে ট্রেইনার হিসেবে কাজ করে। গত মাসে সে ভারতে শরীরচর্চার একটি আন্তর্জাতিক আসরে অংশ নিয়ে স্বর্ণপদক লাভ করে বলে আমাদের জানায়। দেশে ফিরে সেই স্বর্ণপদক বিক্রি করে দেয়। হৃদয় প্রাইভেটকার ভাড়া করে চলাফেরা করে। সঙ্গে থাকে মুন্না ও রবিন। তারা নিয়মিত ইয়াবা সেবন করে। মুন্না ইয়াবার খুচরা বিক্রেতা। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা হয়েছে। দুজনকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!