বুধবার সকাল ৬টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আম ব্যবসায়ী সোহেল হাওলাদার বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি গ্রামের মৃত আব্দুর রহমান হাওলাদার ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বুধবার সকালে টাউন নওয়াপাড়া এলাকায় রাস্তার ওপর আমভর্তি একটি পিকআপ বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় খুলনাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের পেছনে থাকা আম ব্যবসায়ী সোহেল হাওলাদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
তিনি আরো জানান, এ ঘটনায় পিকআপে থাকা আম রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে ৩০ হাজার টাকার ক্ষতি হয়। দুর্ঘটনায় পিকআপের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর পালিয়েছেন ট্রাকচালক। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।