নিহত মধু রাজন গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউপির বালুয়াকান্দী গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। আহত আল আমিন কুমিল্লার মেঘনা উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে করে হোসেন্দী বাজার থেকে জামালদী বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন রাজন ও আল আমিন। আল আমিন মোটরসাইকেল চালাচ্ছিলেন আর রাজন পেছনের সিটে বসা ছিলেন। পথিমধ্যে দুপুর ১২টার দিকে তারা জামালদী-হোসেন্দী সড়কের জামালদী নিউ সানরাইজ স্কুলের সামনে আসলে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এ সময় ঘটনাস্থলেই মারা যায় রাজন, গুরুতর আহত হয় আল আমিন। আল আমিনকে উদ্ধার করে পার্শ্ববর্তী হামদর্দ জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছে হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক।
.png)
এ দিকে ঘটনার পর ট্রাকটির চালক এবং হেলপার ট্রাক ফেলে কৌশলে পালিয়ে যায়। তবে উত্তেজিত জনতা ট্রাকটিতে ব্যাপক ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, লাশ ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। ঘাতক ট্রাকটির চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।