ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উত্তাল সাগর, ঢেউয়ের আঘাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ১ মে ২০২৪
উত্তাল সাগর, ঢেউয়ের আঘাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলে
নিখোঁজ জেলে মো. হাসান

পটুয়াখালীর কলাপাড়ায় সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলার থেকে ছিটকে পড়ে মো. হাসান নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকা থেকে ১৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ জেলে মো. হাসান ভোলার চরফ্যাশন উপজেলার চর আফজাল এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি পটুয়াখালীর মৎস্যবন্দর আলীপুরের এফবি তিমুল ফারজানা ট্রলারের মিস্ত্রি (ইঞ্জিনচালক) হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনার শিকার ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেন কাজী।

Advertisement

জানা যায়, পাঁচদিন আগে মৎস্যবন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশে বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে যাত্রা করে এফবি তিমুল ফারজানা নামক ট্রলারটি। এরপর বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে মাছ শিকার করেন জেলেরা। মঙ্গলবার কুয়াকাটাসংলগ্ন গভীর সাগরে পৌঁছালে হঠাৎ উত্তাল ঢেউয়ের আঘাতে ওই জেলে সমুদ্রে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিক ট্রলারে থাকা মাঝি মো. সিদ্দিক গাজী ট্রলারমালিককে ফোন দিয়ে ঘটনা জানালে খোঁজাখুঁজি শুরু হয়।

এফবি তিমুল ফারজানার মালিক মো. বেল্লাল হোসেন কাজী বলেন, ঘটনার পরপরই আমরা চার-পাঁচটা অতিরিক্ত ট্রলার ওখানে খোঁজার জন্য পাঠাই। সারা রাত খোঁজ করা হয়েছে। বুধবার সকালে আরো একটি ট্রলার পাঠিয়েছি কিন্তু এখনো তার খোঁজ পাওয়া যায়নি। ওই জেলের স্বজনরা এসেছেন তাদের সঙ্গে নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, জেলে নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা কোস্টগার্ড ও নৌপুলিশের সহায়তায় নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!