ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুমিল্লায় তীব্র গরমে একই স্কুলের ৭ শিক্ষার্থী অসুস্থ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৭, ২৯ এপ্রিল ২০২৪
কুমিল্লায় তীব্র গরমে একই স্কুলের ৭ শিক্ষার্থী অসুস্থ
ছবি: সংগৃহীত

তীব্র দাবদাহে কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি বিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার দুপুরে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, তীব্র গরমের মধ্যে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ক্লাস শুরু হয়। বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক শিক্ষার্থী গরমে হাঁসফাঁস করতে থাকে। এক পর্যায়ে দ্বিতীয় ঘণ্টা চলাকালে অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার, সপ্তম শ্রেণির ফাহিমা আক্তার একই সময়ে অজ্ঞান হয়ে পড়ে  অষ্টম শ্রেণির সামিয়া সায়মা ও নবম শ্রেণির মারিয়া আক্তার। তৃতীয় ঘণ্টা চলাকালীন সময়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী উর্মি আক্তার, হেপি আক্তারসহ আরো একজন অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অভিভাবককে ডেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে  প্রধান শিক্ষক মাসুদা আক্তার বলেন, ক্লাস চলাকালীন সময় কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের অভিভাবককে খবর দিয়ে বাড়িতে পাঠিয়ে দিই। মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে যোগাযোগ করে তৃতীয় ঘণ্টা পর স্কুল ছুটি দিয়ে ফেলেছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী ফরিদ আহমেদ বলেন, তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে গরমের কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে জেনেছি। ছাত্রীদেরকে ছুটি দিয়ে দেওয়ার জন্য বলেছি। এছাড়া আর কোথাও কোনো শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পাইনি।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুমিল্লা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!