ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অশ্লীলভাবে নারীদের ছবি এডিট করে হুমকি, টাকা না দিলেই ফেসবুকে পোস্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৩, ২৮ এপ্রিল ২০২৪
অশ্লীলভাবে নারীদের ছবি এডিট করে হুমকি, টাকা না দিলেই ফেসবুকে পোস্ট
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি সংগ্রহ করে সেটিকে অশ্লীলভাবে এডিট করে ঐসব নারীদেরকে ব্ল্যাকমেইল করতো একটি চক্র। টাকা না দিলেই দেওয়া হতো ফেসবুকে পোস্ট দেওয়ার হুমকি। এভাবে ভয় দেখিয়ে নারীদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। সেই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

গ্রেফতাররা হলেন- পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের মহিউল ইসলামের ছেলে ইসতিয়াক আহম্মেদ রঙ্গন (১৮), বিলবাদুরিয়া এলাকার ইয়াকুব আলীর ছেলে শাহরিয়ার কবির আকাশ (১৭) , পাবনা পৌর এলাকার রাধানগরের শাহিন মণ্ডলের ছেলে ইমন আহাম্মেদ (২০) এবং শালগাড়ীয়া এলাকার বকুল হোসেনের ছেলে হাসিবুল হাসান তন্ময় (২২)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার ও বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Advertisement

পুলিশ সুপার জানান, ফেসবুকে হয়রানির শিকার হয়ে একাধিক স্কুল-কলেজ পড়ুয়া ভুক্তভোগীর পরিবার পাবনা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন যে, তাদের মেয়েদের ছবি ফেসবুক আইডি থেকে সংগ্রহ করে এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা (ইসিসিপি), দি বস, দি রোস্ট হাউস, সত্য কথন ও ইসলাম, পাবনার অজানা তথ্যসহ অন্য ফেসবুক পেজের মাধ্যমে ছবিগুলো এডিট করে বিভিন্ন আপত্তিকর ছবি পোস্ট করে আসছে। পরবর্তীতে ফেসবুক থেকে ঐ ছবিগুলো ডিলিট করার জন্য পেজ অ্যাডমিনরা ভুক্তভোগীর কাছ থেকে টাকা দাবি করে। তাদের দাবি মতো টাকা না দিলে আরো আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি দেওয়া হয়। এমন অভিযোগের পরই পুলিশ অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ‘এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা-ইসিসিপি’ এর এডমিন ইসতিয়াক আহম্মেদ রঙ্গন, ইমন আহাম্মেদ ও শাহরিয়ার কবির আকাশ এবং সত্য কথন ও ইসলাম এবং ‘দি বস’ পেইজের এডমিন হাসিবুল হাসান তন্ময়কে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, পাবনা জেলায় এসব সাইবার ক্রিমিনালদের সাইবার বুলিংয়ের শিকার হয়ে বহু ভুক্তভোগী সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, অনেকের সংসার ভেঙে যাচ্ছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বেশ কিছুদিন ধরেই পাবনা ডিবি পুলিশ কাজ করে যাচ্ছিল। এসব ক্রিমিনাল গণপ্রযুক্তি বিদ্যায় অত্যাধিক পারদর্শী এবং উন্নত প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত। আসামিদের বাইরে বেশ কিছু গ্রুপের অ্যাডমিন রয়েছে যারা প্রতিনিয়ত সাইবার বুলিং করে যাচ্ছে। তারা সবাই আমাদের নজদারিতে আছে। যে বা যারাই সাইবার ক্রাইম বা সাইবার বুলিংয়ে জড়িত থাকুক না কেন তাদের সবার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডি এম হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আকতার, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ও পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন তুহিন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!