ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়েট শিক্ষার্থীদের পোড়ানো তিন বাসের ক্ষতিপূরণ দাবি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ২৮ এপ্রিল ২০২৪
চুয়েট শিক্ষার্থীদের পোড়ানো তিন বাসের ক্ষতিপূরণ দাবি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের পুড়িয়ে দেওয়া তিনটি বাসের ক্ষতিপূরণ দাবি করেছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

রোববার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তারা।

এ সময় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী বলেন, সম্প্রতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে আমরা খুবই মর্মাহত। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের একটি বাস পুড়িয়ে দেয়। পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।

Advertisement

তিনি বলেন, এরকম পরিস্থিতি নিরসনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক সার্কিট হাউসে একটি সভার আয়োজন করেন। সেখানে শিক্ষার্থীদের যে দাবি ছিল সেগুলো আমরা মেনে নিয়েছিলাম। জেলা প্রশাসকও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট দাবি ছাড়া অন্য দাবিগুলো খুব দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। কিন্তু এরপরেও তারা আমাদের আরো দুটি গাড়ি পুড়িয়ে দেয়। আমরা এ তিনটি গাড়ির ক্ষতিপূরণ দাবি করছি।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান মেহেবুব, চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিনিধি, বিআরটিসির সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থি প্রমুখ।

সোমবার বিকেলে চট্টগ্রামের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী নরসিংদীর শান্ত সাহা ও ২১তম ব্যাচের শিক্ষার্থী নোয়াখালীর তৌফিক হোসেন। আহত হন ২১তম ব্যাচের শিক্ষার্থী জাকারিয়া হিমু। তারা সবাই মোটরসাইকেলটিতে ছিলেন।

ছাত্র মৃত্যুর ঘটনায় বুধবার ঘাতক বাস চালককে রাঙ্গুনিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, সোমবার রাত থেকেই ১০ দফা দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের আন্দোলন থামাতে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা গণপরিবহনে আগুন ধরিয়ে দেয়।

তিন বাস পোড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে শনিবার ৪৮ ঘণ্টা ধর্মঘটের ঘোষণা দেয় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার সকাল ৬টা থেকে ধর্মঘট পালন করছেন তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!