ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ফের বাসে আগুন দিলেন চুয়েট শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩০, ২৫ এপ্রিল ২০২৪
ফের বাসে আগুন দিলেন চুয়েট শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও এক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে আরো একটি বাসে আগুন দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চুয়েট সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, চুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরো একটি বাসে আগুন দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

Advertisement

সোমবার বিকেলে চট্টগ্রামের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী নরসিংদীর শান্ত সাহা ও ২১তম ব্যাচের শিক্ষার্থী নোয়াখালীর তৌফিক হোসেন। আহত হন ২১তম ব্যাচের শিক্ষার্থী জাকারিয়া হিমু। তারা সবাই মোটরসাইকেলটিতে ছিলেন।

আহত জাকারিয়া হিমু নগরের একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। ছাত্রদের মৃত্যুর ঘটনায় ঘাতক চালককে রাঙ্গুনিয়া থেকে আটক করেছে পুলিশ।

দুর্ঘটনার পর সোমবার রাতেই ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণার পাশাপাশি চুয়েটের প্রধান গেটের সামনে শাহ আমানত পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরদিন মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে নানা কর্মসূচি পালনের ফলে বন্ধ হয়ে যায় কাপ্তাইয়ের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ। বুধবার চলে তাদের কর্মসূচি।

বৃহস্পতিবারও সকাল থেকেই চতুর্থ দিনের দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চুয়েট শিক্ষার্থীরা। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধসহ ক্লাস-পরীক্ষা বর্জন করেন তারা। অবরোধের ফলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে যানবাহন আটকে সৃষ্টি হয় যাত্রীদের দুর্ভোগ।

গত চারদিনে বারবার আলোচনার পরও চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন থেকে ফেরাতে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার দুপুরে চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। একইসঙ্গে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে ছাত্র ও শুক্রবার সকাল ৯টার মধ্যে ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, গত ২২ এপ্রিল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইজন মেধাবী ছাত্রের অকাল মৃত্যুতে উদ্ভুত পরিস্থিতির কারণে ২৫ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৫১তম (জরুরি) সভার সিদ্ধান্তক্রমে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সব একাডেমিক কার্যক্রম (পরীক্ষাসহ) বন্ধ ঘোষণা করা হলো। 

এতে আরো বলা হয়, ছাত্রদেরকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকাল ৫টার মধ্যে এবং ছাত্রীদেরকে আগামীকাল শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বাস ক্যাম্পাস থেকে শহরে গমন করবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!