ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় ব্রয়লার মুরগির দাম বৃদ্ধিতে হতাশ ক্রেতারা

আশরাফ গোলাপ, কেন্দুয়া (নেত্রকোণা)  
প্রকাশিত: ১২:০৯, ১৭ এপ্রিল ২০২৪
কেন্দুয়ায় ব্রয়লার মুরগির দাম বৃদ্ধিতে হতাশ ক্রেতারা
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার কেন্দুয়ায় কয়েকদিনের ব্যবধানে কেজিপ্রতি ব্রয়লার মুরগির দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। গত মাসের শেষদিকে ব্রয়লার মুরগির দাম ছিল ১৯০ থেকে ২০০ টাকা। বর্তমানে যা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ ‍টাকা। এতে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে ব্রয়লার মুরগির দাম।

মঙ্গলবার কেন্দুয়ার বিভিন্ন কাঁচা বাজার ঘুরে ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

বাজারদর অনুযায়ী, গত মাসে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৫০-১৬০ টাকা বিক্রি হতো। মাত্র এক মাসের ব্যবধানে দাম বেড়ে দাঁড়িয়েছে ২২০-২৩০ টাকায়।

Advertisement

খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারী ব্যবসায়ী ও ফার্মের মালিকরা খাবারের দাম ও সরবরাহের খরচ বৃদ্ধির কথা বলে মুরগির দাম বাড়িয়ে যাচ্ছেন। ফলে বেশি দামে কিনে খুচরা বাজারে বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে।

কেন্দুয়া বাজারের ব্রয়লার মুরগি ব্যবসায়ী জামাল তালুকদার বলেন, কয়েকদিন আগেও ব্রয়লার মুরগি ১৯০-২০০ টাকা বিক্রি করেছি। কিন্তু সোমবার রাতে যেসব মুরগি পাইকারি বাজার থেকে কিনে নিয়ে এসেছি তা মঙ্গলবার সকালে ২৩০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। দাম বাড়ার ফলে মুরগির বিক্রি কমে গেছে।

কেন্দুয়া বাজারের আরেক মুরগি বিক্রেতা বলেন, গত কয়েক সপ্তাহ ধরেই ৫-১০ টাকা করে মুরগির দাম বেড়ে যাচ্ছে। খাবারের দাম বাড়ার কারণে ফার্মের মালিকরা দাম বাড়িয়েছেন। অন্যদিকে সরবরাহের খরচও বৃদ্ধি পেয়েছে।

ব্রয়লার মুরগির দাম বৃদ্ধি নিয়ে ক্ষুদ্ধ নিম্ন আয়ের মানুষসহ মধ্যবিত্তরা। মুরগি কিনতে আসা সোহেল আহমেদ বলছেন, দামের কারণে গরু কিংবা খাশির মাংস অনেক আগে থেকেই নাগালের বাইরে। এখন ব্রয়লার মুরগিরও নাগালের বাইরে। এ অবস্থায় সপ্তাহে একদিনও মাংস খাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!