ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রাইভেটকারে ফেনসিডিল, যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০৪:০৮, ৪ এপ্রিল ২০২৪
প্রাইভেটকারে ফেনসিডিল, যুবকের যাবজ্জীবন
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে ৭৯৪ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় হেলাল হোসেন বাবু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তারের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হেলাল হোসেন বাবু নোয়াখালীর কবিরহাট পৌরসভার চার নম্বর ওয়ার্ডের আবু বক্কর সিদ্দিকীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহম্মেদ বলেন, ফেনসিডিল উদ্ধারের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি হেলাল হোসেন বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় হেলাল হোসেন বাবু আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়।

Advertisement

মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ১৭ এপ্রিল নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয় ট্রাফিক পুলিশ। এ সময় গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টাকালে হেলাল হোসেন বাবুকে আটক করা হয়। পরে প্রাইভেটকারটি থেকে ৭৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করেন নগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের তৎকালীন সার্জেন্ট মো. নুরুল ইসলাম। মামলাটির তদন্ত শেষে ২০১৭ সালের ২১ মে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে ২০১৮ সালের ১২ মার্চ অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। মামলাটিতে ছয়জনের সাক্ষ্যগ্রহণ হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!