ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ৩০ মার্চ ২০২৪
পিরোজপুরে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

পিরোজপুরে পৃথক দুই ঘটনায় কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হাতুড়ি ও চাইনিজ কুড়াল জব্দ করা হয়। শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় দুটি মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে শহরের কৃষ্ণচূড়ার মোড়ে কিশোর গ্যাংয়ের ২০-২৫ জনের একটি গ্রুপ অন্য একটি গ্রুপের এক কিশোরকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। খবর পেয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ১৫ জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত কিশোরের মা শিউলি বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন।

অপরদিকে, একই দিন দুপুরে দুই কিশোর-কিশোরী বলেশ্বর নদীর পাড়ে ঘুরতে যায়। সেখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা কিশোরীকে আটক করে টাকা ছিনিয়ে নিয়ে কিশোরকে অপহরণ করে পরিবারের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিলেও কিশোরকে ছেড়ে দেয়নি কিশোর গ্যাং।

Advertisement

এ ঘটনায় অপহৃত কিশোরের বাবা সদর থানায় মামলা করলে পুলিশ রাজারহাট এলাকার বলেশ্বর নদীর তীরের ওয়াপদার পাড়ে শামিম ভিলা থেকে উদ্ধার করে। এ ঘটনায় রাতুল ইসলাম তূর্য, দিব্য মৃধা, শান্ত দত্তকে গ্রেফতার করা হয়।

শনিবার জেলা পুলিশ সুপার (অতিরিক্ত) মোহাম্মদ মুকিত হাসান খাঁন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতারকৃত কিশোরদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোর গ্যাংয়ের অন্য সদস্য ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!