ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

পল্লবীতে ফয়সাল হত্যায় কিশোর গ্যাংয়ের ৫ জন রিমান্ডে 

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ২০:৩১, ২৪ মার্চ ২০২৪
পল্লবীতে ফয়সাল হত্যায় কিশোর গ্যাংয়ের ৫ জন রিমান্ডে 
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর পল্লবীতে ‘পেপার সানী’ গ্রুপ ও ‘গালকাটা রাব্বি’ গ্রুপের দ্বন্দ্বের জেরে নৃশংসভাবে কুপিয়ে মোহাম্মদ ফয়সালকে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের ৫ জনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার তাদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহম্মেদ তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- হত্যাকাণ্ডের মূল হোতা মো. আকাশ ওরফে টান আকাশ (২২), ফজলে রাব্বি ওরফে হিটার রাব্বি ওরফে গালকাটা রাব্বি (২০), মো. ইমরান (২৫), মো. রাসেল কাজী (২৪) ও নয়ন (২৫)।

Advertisement

শুক্রবার নরসিংদী ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরপর রাব্বি ও আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল সংলগ্ন একটি বাগান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও একটি চাপাতি উদ্ধার করা হয়।

জানা যায়, গত ১৬ মার্চ সন্ধ্যায় পল্লবী এলাকায় দুর্বৃত্তরা প্রকাশ্যে ফয়সাল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে। চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র‌্যাব। এর প্রেক্ষিতে র‌্যাব-৪ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে গাজীপুর এবং নরসিংদী থেকে মূল আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেফতার যুবকরাসহ ও নিহত ফয়সাল এক সময় মিরপুর এলাকার কিশোর গ্যাং ‘পেপার সানী’ গ্রুপের সদস্য ছিলেন। গালকাটা রাব্বি পেপার সানী গ্রুপের হিটম্যান হিসেবে কাজ করতেন। কিন্তু ৪-৫ মাস আগে মাদক কেনা-বেচা নিয়ে ভাগাভাগি, সিনিয়র-জুনিয়র, এলাকায় আধিপত্য বিস্তারের কোন্দল ঘিরে রাব্বি ঐ গ্রুপ থেকে বের হয়ে ‘গালকাটা রাব্বি’ নামে পৃথক গ্রুপ তৈরি করে।

এরপর থেকেই দুই গ্রুপের মধ্যে প্রায়ই মারামারি হতো। ঘটনার প্রায় ১ মাস আগে পেপার সানী গ্রুপের সদস্যরা গালকাটা রাব্বিকে মারধর করে পায়ের রগ কেটে দেওয়ার চেষ্টা করে। কিন্তু স্থানীয় লোকজন দেখে ফেলায় তারা রাব্বিকে উদ্ধার করে। গত ১৫ মার্চ দুই গ্রুপের মধ্যে আবার মারামারি হয়।

র‌্যাবের কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চলমান এসব ঘটনায় রাব্বি গ্রুপ ক্ষিপ্ত হয়ে পেপার সানী গ্রুপের সদস্যদের উচিত শিক্ষার দেওয়ার পরিকল্পনা করে। এছাড়া ঘটনার দিন পেপার সানী গ্রুপের সদস্যরা রাব্বি গ্রুপের একজন সদস্যের বোনকে ইভটিজিং করলে রাব্বি আরো ক্ষিপ্ত হয়।

এর মধ্যে গ্রেফতাররা জানতে পারে পেপার সানী গ্রুপের সদস্যরা একটি ইফতার পার্টিতে গেছে। ফয়সাল ও রানা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার পার্টি শেষে ফেরার পথে পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা করে রাব্বী গ্রুপের সদস্যরা। এসময় ফয়সাল ও রানাকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!