এ ঘটনায় শুক্রবার দুপুরে প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে দুইজনকে অভিযুক্ত করে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর গ্রামের বুলু মোল্লার পাঁচ বছর বয়সী প্রতিবন্ধী শিশু আব্দুল হামিদ বৃহস্পতিবার দুপুরের দিকে পার্শ্ববর্তী মঞ্জুর বাড়িতে গিয়ে তার গোয়াল ঘরে মধ্যে পানি ঢেলে দেয়। এ জন্য ঐ প্রতিবন্ধী শিশুকে মঞ্জু ও তার স্ত্রী আছমা বেগম মিলে মারধর করে প্রথমে তাদের বাথরুমে আটকে রাখেন। পরে শিশুকে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ডাকাডাকি করলে প্রতিবন্ধী শিশু হামিদ বাথরুমের মধ্য থেকে চিৎকার দেয়। ঐ শিশুর চিৎকার শুনে তার মা সাজেলা বিবি তাকে উদ্ধার করতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেন।
.png)
পরে অভিযুক্ত স্বামী-স্ত্রী প্রতিবন্ধী শিশুকে হামিদকে বাথরুম থেকে বের করে পায়ে শিকল লাগিয়ে বাগানের মধ্যে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। সেখানেও তাকে এলোপাতাড়ি মারপিট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ঐদিন বিকেলে প্রতিবন্ধী শিশু হামিদের বড় ভাই আবু রায়হান তাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনায় শুক্রবার দুপুরে নির্যাতনের শিকার প্রতিবন্ধী আব্দুল হামিদের মা সাজেলা বিবি তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ওসি আনোয়ারুল হক বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।