ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যবসায় ইসলামী নীতি ধারণ করার আহ্বান রাজশাহী কমিশনারের

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৫, ১৬ মার্চ ২০২৪
ব্যবসায় ইসলামী নীতি ধারণ করার আহ্বান রাজশাহী কমিশনারের
শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভা। ছবি: ডেইলি বাংলাদেশ

পণ্যের অবৈধ মজুতদারি থেকে বিরত থেকে সৎ উপায়ে ব্যবসা করার জন্য ইসলামী নীতি-নৈতিকতা ধারণ করে ভোক্তার অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ আহ্বান জানান তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয় ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

এ সময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে ভেজাল ও অবৈধ মজুতদারি প্রতিরোধ, বাজার ব্যবস্থার সার্বিক তদারকির পাশাপাশি ভোক্তার জন্য প্রয়োজনীয় নিরাপদ বাজার ব্যবস্থাপনা কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করতে বলেন। একইসঙ্গে ব্যবসায়ী ও ভোক্তা প্রত্যেককেই নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। ভোক্তার অধিকার সংরক্ষণের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারী নিষ্ঠার সঙ্গে যথাযথ ভূমিকা রাখবে বলে এ সময় তিনি আশা প্রকাশ করেন।

ওষুধের দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি, রোগীর পরীক্ষায় ডাক্তারের কমিশন, কোচিং বাণিজ্য, রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি ইত্যাদি বিষয়ে খুব দ্রুত মনিটরিং করা হবে বলে মতবিনিময় সভায় জানানো হয়। সভায় বিভাগীয় কমিশনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। সভায় বক্তারা ভোক্তার বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরে আলোচনা করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকুসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!