ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
বেইলি রোডে আগুন

একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন, পাশাপাশি হলো কবর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ১ মার্চ ২০২৪
একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন, পাশাপাশি হলো কবর
পাশাপাশি শায়িত হলেন একই পরিবারের ৫ জন। ছবি: সংগৃহীত

চিরনিদ্রায় শায়িত হলেন রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের পাঁচ সদস্য। একই সারিতে পাশাপাশি তাদের দাফন করা হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের খন্দকার পাড়ার সৈয়দ বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

এর আগে, বিকেলে সোয়া ৩টার দেক চারটি অ্যাম্বুল্যান্সযোগে পাঁচটি মরদেহ বাড়িতে পৌঁছায়। পরে আসর নামাজের পর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।

Advertisement

নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭) ও নুর (১৩) এবং ছেলে আব্দুল্লাহ (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, কাউসার প্রথমে সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। প্রায় ২০ বছর আগে ইতালি পাড়ি দেন। এর মাঝে তার দেশে আসা যাওয়া ছিল। দেড় মাস আগে প্রায় দুই বছর পর ইতালি থেকে দেশে ফেরেন কাউসার। তার স্ত্রী-সন্তানদের ইতালি নিয়ে যাওয়ার জন্য ভিসা ও টিকিট সম্পন্ন করেছিলেন। আগামী ২০ মার্চ তাদের নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে খাবার খেতে যান কাউসার। পরে ঐ রেস্টুরেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে দগ্ধ হয়ে কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া ও নুর এবং ছেলে আব্দুল্লাহ মারা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!