মঙ্গলবার সকালে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দাদি ফিরোজা বেগম (৭০) ও তার নাতি শরিফ (৭)। নিহত ফিরোজা বেগম ঐ গ্রামের আমান উল্লাহ মন্টুর স্ত্রী ও শরিফ একই বাড়ির হাবিবুর রহমানের ছেলে।
.png)
স্থানীয়রা জানান, ঐ বাড়িতে সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় একটি গোয়ালঘরসহ দুটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ৭ বছরের শিশু শরিফের মরদেহ উদ্ধার করেন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় শরিফের দাদি ফিরোজা বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ সময় চারটি গরুও পুড়ে মারা গেছে। এ ঘটনায় কমপক্ষে ছয় লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে জানানো হবে।
শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।