বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর সদরের তরপুরচন্ডী এলাকার জহির বাবলা, মতলব দক্ষিণ উপজেলার আনিছুর রহমান, একই উপজেলার রাজু বেপারী, রাকিব ও আমির হোসেন হানজালা, নরসিংদী জেলার পলাশ থানার চরসিন্দুরের কবির হোসেন এবং দিনাজপুর জেলার কোতয়াালী থানার মতুল্লাপুর এলাকার হামিদুর রহমান।
.png)
পুলিশ সুপার জানান, কচুয়া পালাখাল ইউনিয়নের ভুঁইয়ারা গ্রামের অটোরিকশাচালক সাব্বির হোসেন গত ২৪ জানুয়ারি বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে বাড়িতে ফেরেননি। পরের দিন তার মা জাহানারা বেগম থানায় নিখোঁজ ডায়েরি করেন। ঐদিন বিকেলে ঐ ইউনিয়েনর সেঙ্গুয়া নামক স্থান থেকে হাত-পা বাঁধা সাব্বিরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চালকের মা জাহানারা বেগম ২৬ জানুয়ারি হত্যা মামলা করেন।
পুলিশ সুপার আরো বলেন, কচুয়া থানার এসআই দেলোয়ার হোসেন রাজিবসহ পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রথমে আসামি হানজালাকে গ্রেফতার করে। তার তথ্যের ভিত্তিতে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেফতার করা হয়।
অটোচালক সাব্বির হত্যায় জড়িত ছিলেন নয়জন। এর মধ্যে সাতজন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।