ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণের পর এক মাস আটকে রেখে কলেজছাত্রীকে ধর্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১০, ১২ ফেব্রুয়ারি ২০২৪
অপহরণের পর এক মাস আটকে রেখে কলেজছাত্রীকে ধর্ষণ
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগরে এক কলেজছাত্রীকে অপহরণের পর দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভিকটিম ছাত্রীর মা দুইজনের বিরুদ্ধে শ্যামনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) মো. হাফিজুর রহমান তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোমবার ভোর ৪টার দিকে সাবেক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেফতার করেছেন। এর আগে, গত ৮ জানুয়ারি কলেজে যাওয়ার পথে বেলা ১১টার দিকে ওই ছাত্রীকে অপহরণ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালিনগর গ্রামের শাজাহান শেখের ছেলে খানজাহান আলী (২২) ও একই গ্রামের ইসাহাক আলী মল্লিকের ছেলে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. মোস্তাফিজুর রহমান বকুল।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী কলেজে যাওয়া আসার পথে খানজাহান আলী ও তার বন্ধু মোস্তাফিজুর রহমান বকুল প্রায় উত্যক্ত করতেন। বিষয়টি পারিবারিকভাবে একাধিকবার সালিশ-বৈঠকে কোনো সুরাহা হয়নি। একপর্যায়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে গত ৮ জানুয়ারি ছাত্রীকে অপহরণ করেন এবং দীর্ঘ এক মাস আটকে রেখে ছাত্রীকে ধর্ষণ করেন।

শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিম ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামিদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।   

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!