ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ১০৭৭ ডিম দিল নয় কচ্ছপ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০২৪
সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ১০৭৭ ডিম দিল নয় কচ্ছপ
সমুদ্রসৈকতের বালিয়াড়িতে ডিম ছেড়েছে অলিভ রিডলে প্রজাতির ৯টি মা কচ্ছপ

কক্সবাজারে ১ হাজার ৭৭টি ডিম ছেড়েছে অলিভ রিডলে প্রজাতির ৯টি মা কচ্ছপ। উখিয়া ও টেকনাফে সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকায় বালিয়াড়িতে প্রায় দুই ফুট গর্ত করে গত এক সপ্তাহে এসব ডিম ছাড়ে কচ্ছপগুলো।

বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার নিজেদের হ্যাচারিতে বাচ্চা ফোটানোর উদ্দেশে এসব ডিম সংগ্রহ করেছে। ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের মাধ্যমে সামুদ্রিক কচ্ছপের বংশবিস্তারের এ উদ্যোগ নেয়া হয়েছে।

নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের কর্মকর্তা অসীম বড়ুয়া বলেন, ২ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত টেকনাফের বড় ডেইল, জাহাজপুরা, শীলখালী এবং উখিয়ার ছেপটখালী, মাদারবুনিয়া ও মনতলিয়া থেকে ৯টি মা কচ্ছপ উদ্ধার হয়। তাদের কাছে ১ হাজার ৭৭টি ডিম পাওয়া যায়।

প্রকল্পে নিয়োজিত গবেষকরা জানান, সামুদ্রিক কচ্ছপের প্রজনন মৌসুম নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। এরই মধ্যে মা কচ্ছপ ডিম পাড়ার উদ্দেশে সৈকতে আসতে শুরু করেছে। তবে নিরাপদ পরিবেশ না থাকায় ডিম পাড়তে এসে মা কচ্ছপের মৃত্যুর ঘটনাও ঘটছে। গত এক সপ্তাহে ডিম পাড়তে আসা ৩৫ থেকে ৪০ কেজি ওজনের কচ্ছপগুলোর শরীরে আঘাতের চিহ্ন ছিল।

সংগ্রহ করা ডিম থেকে ৪৫ থেকে ৬৫ দিনের মধ্যে বাচ্চা ফোটানো যাবে জানিয়ে গবেষকরা বলেন, উপকূলের পাঁচটি হ্যাচারিতে বাচ্চা ফোটানোর পর তা সমুদ্রে অবমুক্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!