ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যেভাবে হাসপাতাল থেকে চুরি হলো নবজাতক, সিসি ক্যামেরায় ধরা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৯, ৭ ফেব্রুয়ারি ২০২৪
যেভাবে হাসপাতাল থেকে চুরি হলো নবজাতক, সিসি ক্যামেরায় ধরা
নবজাতককে নিয়ে প্রধান গেট দিয়ে পালিয়ে যাচ্ছেন এক নারী। ছবিটি হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তিনদিন বয়সী এক ছেলে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। 

বুধবার দুপুর দেড়টার দিকে দৌলতপুর উপজেলার আল্লাহর দর্গা এলাকার আনোয়ার বিশ্বাস মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানান, দুপুরে হাসপাতালের মহিলা ওয়ার্ডে গিয়ে নবজাতকের নানি রহিমন নেছার কোল থেকে বাচ্চাকে আদর করার কথা বলে কোলে তুলে নেন বোরকা পরিহিত ওই নারী। পরে রহিমন পানি আনতে গেলে নবজাতককে নিয়ে পালিয়ে যান ওই নারী।

Advertisement

নবজাতকের পিতা ভেড়ামারা উপজেলার নিহারুল ইসলামের ছেলে দিপু আলী জানান, গত ৫ ফেব্রুয়ারি দুপুরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে আমার স্ত্রী রিয়া খাতুনের ছেলে সন্তানের জন্ম দেন। বুধবার দুপুরে আমার শাশুড়ি রহিমন নেছা বাচ্চাকে কোলে নিয়ে হাসপাতালের ভেতরে বসেছিলেন। এ সময় এক নারী বাচ্চাকে কোলে নিতে চান। এমন সময় পানি আনার প্রয়োজন হলে বাচ্চাটি ওই নারীর কোলে দেন। এ সুযোগে বাচ্চাটি নিয়ে সেই অপরিচিত নারী চলে যান। এ ঘটনার তদন্ত করে দ্রুত শিশুটিকে উদ্ধারের দাবি জানান তিনি।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত লাল সোয়েটার গায়ে এক নারী নবজাতককে কোলে নিয়ে হাসপাতাল থেকে তড়িঘড়ি করে বের হয়ে যাচ্ছেন। এর আগে, দুপুর ১২টার দিকে হাসপাতালে প্রবেশ করেন ওই নারী এবং ১টা ৪১ মিনিটে নবজাতককে কোলে নিয়ে তিনি হাসপাতালের প্রধান গেট দিয়ে বের হয়ে যান।

এ বিষয়ে হাসপাতালের ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। এ ঘটনায় আমাদের কোনো গাফিলতি নাই। আমরা সময়মতো সবকিছুর খোঁজ-খবর রাখি। তবে তাদের আত্মীয় স্বজনের কাছে থেকে কেউ যদি বাচ্চা নিয়ে চলে যায় তাহলে আমাদের কিছু করার থাকে না।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে আছি। নবজাতককে উদ্ধারে পুলিশ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!