শুক্রবার দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দাড়খোড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা- ঐ এলাকার দাড়খোড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাঘটি।
জানা গেছে, স্থানীয় এক কৃষকের গরুর গলায় কামড়ে আহত করে গরুটিকে অর্ধেক খেয়ে পালিয়ে যায় বাঘটি। গরুর মালিক শিয়ালের আক্রমণে গরুর মৃত্যু মনে করে গরুটিতে বিষ প্রয়োগ করেন। পরে আবারো গরুটিকে খেতে আসে চিতা বাঘটি। খাওয়া শেষে দাড়খোড় এলাকার ঈদগাহের পাশে সীমান্তঘেষা নাগর নদীতে নামলে সেখানেই বাঘটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
.png)
পরে খবর পেয়ে বন বিভাগ, বিজিবি ও বারঘাঁটি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা বাঘটিকে উদ্ধার করেন। বাঘটিকে ময়নাতদন্তের জন্য আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
জেলা সহকারী বন কর্মকর্তা মধু চন্দ্র রায় বলেন, আমরা খবর পেয়ে প্রশাসনের সহায়তায় মৃত চিতাবাঘটিকে উপজেলা প্রাণিসম্পদ বিভাগে এনেছি। এটির সঠিক মৃত্যুর কারণ জানতে হলে ময়নাতদন্ত করতে হবে।
আটোয়ারী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে বাঘের মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।