ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে মেছোবাঘের ছানা উদ্ধার, বনে অবমুক্ত 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৬, ২৫ জানুয়ারি ২০২৪
টেকনাফে মেছোবাঘের ছানা উদ্ধার, বনে অবমুক্ত 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকা থেকে একটি মেছো বাঘের ছানা উদ্ধার করেছে বন বিভাগ। ছানাটির বয়স এক থেকে দেড় বছর। এটি পুরুষ মেছোবাঘ। 

বুধবার সকালে বাসস্টেশন এলাকার আব্দু শুক্কুরের পানের দোকানে লুকিয়ে থাকা অবস্থায় মেছো বাঘের ছানাটি উদ্ধার করেন স্থানীয়রা । পরে দুপুর ২টার দিকে টেকনাফ বন বিভাগের নার্সারি পার্ক এলাকায় এটিকে অবমুক্ত করা হয়।

টেকনাফ বন বিভাগের রেঞ্জ অফিসার মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের ছানাটি উদ্ধারের পর রেঞ্জ  কার্যালয়ে নিয়ে আসা হয়। ছানাটিকে মাছ, মুরগির মাংস খেতে দেওয়া হয়। পরে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পেয়ে এটিকে টেকনাফ বন বিভাগের নার্সারি পার্ক এলাকায় অবমুক্ত করা হয়েছে। এটি পুরুষ মেছো বাঘ।

Advertisement

স্থানীয়রা জানান, পল্লনপাড়া এলাকার আব্দু শুকুর সকালবেলা পানের দোকান খোলার সময় একটি বিড়ালের মতো বাঘের ছানা দেখতে পান। পরে স্থানীয় লোকজন এসে ছানাটি জাল দিয়ে ধরে বন বিভাগে খবর দেন।

পরিবেশবাদীরা বলছেন, অবাধে বনজঙ্গল উজাড় ও বনে খাদ্যসংকট সৃষ্টি হওয়ায় মেছো বাঘের ছানাটি লোকালয়ে ঢুকে পড়েছে। গত বছরের নভেম্বর মাসে টেকনাফ থেকে আরো তিনটি মেছো বাঘের ছানা উদ্ধার করা হয়।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!