ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দে। বুধবার (৩১ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম ওরফে মমিন ও সাইফুল ইসলাম ওরফে সুমন।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় মোকছেদ সরদারের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলছিল। নিহতদের মেজ ভাইয়ের বিয়ে বৃহস্পতিবার এবং ছোটভাইয়ের বিয়ে শুক্রবার। দুই ভায়ের বিয়েতে যোগ দিতে তারা মোটরসাইকেল নিয়ে আসছিল। পথে ঘাতক ট্রাক কেড়ে নেয় দুই ভাইয়ের প্রাণ।
.png)
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, মাটিবাহী ট্রাকের চাপায় আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খানখানাপুর ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলম খান বলেন, নিহতদের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। সেই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এক ভাই গাজীপুর থেকে আসছিল। অন্য এক ভাইকে দৌলতদিয়া ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে আসার সময় খানখানপুর মকবুলের দোকানের কাছে মাটিবাহী ট্রাকের চাপায় দুইজন নিহত হন।
খানখানপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম ইকবাল হোসেন বলেন, বিয়ে বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসেছে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মরদেহ দুইটি মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে পালিয়েছেন চালক ও তার সহযোগী।