ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিউবওয়েলে পানি নিতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ২৯ জানুয়ারি ২০২৪
টিউবওয়েলে পানি নিতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী
গ্রেফতারকৃত মো. তারেক

কক্সবাজার শহরে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, সোমবার মধ্যরাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মো. তারেক (১৯) কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা মো. হামিদের ছেলে।

Advertisement

মামলার নথির বরাতে সাজ্জাদ হোসেন বলেন, কিছুদিন আগে টেকনাফ থেকে বাবার সঙ্গে কক্সবাজার শহরে বড় ভাইয়ের বাসায় বেড়াতে আসে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী। গত ২৪ জানুয়ারি রাতে শহরের কুতুবদিয়া পাড়ায় পারিবারিক আয়োজনে নিজের এক বড় ভাই বসতভিটার টিউবওয়েল থেকে পানি আনতে পাঠান।

এ সময় স্থানীয় তারেক ওই স্কুলছাত্রীকে মুখ চেপে তুলে নিয়ে যান। পরে সৈকত সংলগ্ন ঝাউবাগানে নিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে তারেককে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তারেককে ভুক্তভোগী ছাত্রীর ভাইয়ের বাড়িতে নিয়ে আসেন।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, স্থানীয়রা জানিয়েছে, তারেক ঘটনার পরপরই ধর্ষণের কথা স্থানীয়দের কাছে স্বীকার করেন। একপর্যায়ে স্কুলছাত্রীর বড় ভাইয়ের বাড়ি থেকে কৌশলে পালিয়ে যান। পরে অভিযুক্ত যুবক ভুক্তভোগী স্কুলছাত্রীর বড় ভাইয়ের স্ত্রীসহ স্বজনদের প্রাণনাশসহ নানাভাবে হুমকি প্রদান করেন। 

এদিকে ভুক্তভোগী স্কুলছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা গত ২৫ জানুয়ারি সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন বলে জানান সাজ্জাদ হোসেন।

এ ঘটনায় গত ২৭ জানুয়ারি স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মো. তারেককে আসামি করে কক্সবাজার সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

লে. কর্নেল সাজ্জাদ বলেন, ঘটনাটি র‌্যাব অবহিত হওয়ার পর মামলার আসামিকে গ্রেফতারে অভিযান শুরু করে। সোমবার মধ্যরাতে অভিযুক্ত আসামি কক্সবাজার সদর উপজেলার লিংকরোড এলাকায় আত্মগোপনে থাকার খবর পায় র‌্যাব। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে আসামিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ধর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!