সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কৌশিক আহমেদ (৩৭) মারা যান। এর আগে গত ২১ জানুয়ারি ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের কাচিনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৌশিক আহমেদ ওই এলাকার আলী আহমেদের ছেলে। আসামি কাউসার আহমেদ নিহতের বড় ভাই।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড় ভাই কাউসার আহমেদ ও ছোট ভাই কৌশিক আহমেদ একসঙ্গে ফিশারি ও ব্রয়লার মুরগির ব্যবসা করতেন। সম্প্রতি সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে কাউসার আহমেদ তার মা কুলসুম বেগমকে গালাগালি করেন। কৌশিক আহমেদ এর প্রতিবাদ করেন। এ নিয়ে দুই ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কাউসার দা দিয়ে ছোট ভাই কৌশিকের ডান পায়ের হাঁটুর ওপরে কোপ দেন।
স্থানীয়রা তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে তিন আগে ছুটি নিয়ে কৌশিক তার শ্বশুরবাড়ি চলে যান। রোববার রাতে আবারো অসুস্থ হয়ে পড়েন কৌশিক আহমেদ। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
ভালুকা থানার এসআই কাজল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে ভালুকা থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক আছেন, তাকে গ্রেফতারে অভিযান চলছে।