ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বালিভর্তি ট্রাকে ১২৫ বোতল মদ, বিক্রির সময় গ্রেফতার ৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৪, ২৯ জানুয়ারি ২০২৪
বালিভর্তি ট্রাকে ১২৫ বোতল মদ, বিক্রির সময় গ্রেফতার ৬
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে বালির ট্রাকে বিপুল পরিমাণ ভারতীয় মদ বিক্রির সময় ৬ জনকে গ্রেফতার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ভারতের বিভিন্ন ব্র্যান্ডের ১২৫ বোতল মদ উদ্ধার করা হয়। 

সোমবার বেলা ১১টায় গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে মাওনা ইউনিয়নের পাথারপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (প্রশিকা মোড়) এলাকার ইকবাল হোসেনের ছেলে সাইফ শাহরিয়ার অভি (২৬), শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড (চেয়ারম্যান বাড়ির মোড়) এলাকার নয়নের ছেলে আশরাফুল (২৩), শ্রীপুরের মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম রনি (২৬), নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারায়ন ডহর গ্রামের ফজলুল হকের ছেলে রেজাউল করিম (২৬), একই জেলার দুর্গাপুর উপজেলার বারমারি (লক্ষীপুর) গ্রামের আবুল কাশেমের ছেলে শহীদ মিয়া (২৫) এবং ময়মনসিংহের কোতোয়ালি থানার চরকালিবাড়ী গ্রামের মোস্তফার ছেলে লিমন মিয়া (২৩)।  

Advertisement

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মেহেদী হাসান জানান, নেত্রকোণার রেজাউল করিমের মাধ্যমে সাইফ শাহরিয়ার অভি দূর্গাপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ড্রামট্রাকে বালি নিয়ে শ্রীপুরের মাওনায় (পাথারপাড়) নিয়ে আসেন। গোপন সূত্রে গোয়েন্দা (ডিবি) পুলিশ জানতে পারে, ওই ট্রাকের বালির মধ্যে ড্রামে ভরা বিদেশি মদ রয়েছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে সাইফ শাহরিয়ার অভিসহ তার ৬ সহযোগীকে ভারতের বিভিন্ন ব্র্যান্ডের ১২৫ বোতল মদসহ গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সাইফ শাহরিয়ার অভি ও রেজাউল করিমকে ৫ দিনের রিমান্ড আবেদন করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি দেলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। তাদের মধ্যে দুইজনকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মদ শ্রীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!