শনিবার দুপুর ১২টার দিকে বদলগাছীর সদরের চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মালা খাতুন নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর গ্রামের স্বপনের স্ত্রী এবং আহত শারমিন বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রামের শফির উদ্দীনের মেয়ে।
জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রোড লেভেলিং মেশিনটি উপজেলা সদরের চৌরাস্তার মোড়ে এসে বিকল হয়ে পড়ে। এরপর চালক মেশিনটিকে ট্রাক্টর লাগিয়ে ধাক্কা দিয়ে চালু করার চেষ্টা করেন। একপর্যায় মেশিনটি হঠাৎ করে চালু হয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলে চালক মেশিনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
.png)
এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া মালা খাতুন ও শারমিনকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তারা পাকা রাস্তার ওপর পড়ে যান। এ সময় মালা মেশিনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় শারমিনের পা ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
বদলগাছীত থানার ওসি মাহবুবুর রহমান জানান, রোড লেভেলিং মেশিনটি উদ্ধার করা হয়েছে। চালক পলাতক রয়েছেন। মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।