তিনি জানান, সোমবার দুপুর ২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন থেকে অপহরণকারী কাইসার আলমসহ (৩০) অপহরণকৃত স্কুলছাত্র সোহান আহমেদ খানকে (১২) উদ্ধার করা হয়। স্কুলছাত্র সোহান আহমেদ খান ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আচারগাঁও গ্রামের সোহাগ আহম্মেদ খানের ছেলে। সে ওই এলাকার নাসিরাবাদ স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র।
অপহরণকারী কাইসার আলম কক্সবাজার সদর থানা সওদাগর পাড়ার মৃত মমতাজ মিয়ার ছেলে।
.png)
ভৈরব র্যাব ক্যাম্পের কমান্ডার আরো জানান, গত ২০ জানুয়ারি নান্দাইল থানার আচারগাঁও গ্রামে বাড়ির পাশ থেকে স্কুলছাত্রকে কাইসার আলম অপহরণ করেন। রাতে খোঁজাখুঁজির পর পরদিন ২১ জানুয়ারি ময়মনসিংহের কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। অভিযোগপত্রটি স্কুলছাত্রের পরিবার ২২ জানুয়ারি সোমবার সকালে ভৈরব র্যাব ক্যাম্পে জমা দেয়। পরে র্যাব সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহ থেকে চট্টগ্রাম যাওয়ার সময় পথিমধ্যে ভৈরব রেলওয়ে জংশন থেকে শিশু সোহানকে উদ্ধার করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী কাইসার আলম সটকে পড়েন। পরে র্যাব স্টেশন এলাকায় অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে কাইসার আলমকে আটক করতে সক্ষম হয়।
এছাড়া তিনি আরো জানান, অপহরণকারী কাইসার আলম শিশু সোহানের বাবার কাছে একাধিকবার ফোন দিয়ে হত্যার হুমকি দিয়ে মুক্তিপণের টাকা দাবি করেন। এ সময় তার পরিবার কাইসার আলমকে বিকাশের মাধ্যমে ৩ হাজার টাকা মুক্তিপণ দেন। আটক কাইসার আলমকে রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।