ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফেরিডুবির ঘটনায় আরো একটি ট্রাক উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৪, ১৭ জানুয়ারি ২০২৪
ফেরিডুবির ঘটনায় আরো একটি ট্রাক উদ্ধার
উদ্ধারকৃত ট্রাক

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিডুবির ঘটনায় আরো একটি মালবাহী ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। এ নিয়ে মোট দুইটি গাড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়া ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধাকে উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও রুস্তম রওনা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে পাটুরিয়ার ৫নং ঘাটের আধা কিলোমিটার দূর থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এর আগে, বিকেল ৪টার দিকে একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ ঘটনায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন ফেরির স্টাফ এবং বাকি ছয়জন ডুবে যাওয়া যানবাহনের চালক ও সহযোগী।

এ ঘটনায় জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পাঁচ সদস্যবিশিষ্ট দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল জানান, এ ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। দৌলতদিয়ায় থাকা উদ্ধারকারী জাহাজ হামজা এসে উদ্ধারকাজ শুরু করে। সেইসঙ্গে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় নারায়ণগঞ্জ থেকে ও রুস্তম মাওয়া থেকে রওনা হয়েছে। এগুলো ঘাটে আসলেই ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!